মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা রুকন সম্মেলনে সরকারের বিরুদ্ধে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ উঠেছে। দলটির নেতারা দাবি করেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে এবং গণরায় উপেক্ষা করছে।

শুক্রবার (৩ এপ্রিল) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে। তিনি বলেন, জনগণ ইতোমধ্যে এসব টালবাহানা বুঝে ফেলেছে।

তিনি আরও জানান, আসন্ন স্থানীয় নির্বাচনে সংগঠন সর্বস্তরে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সংগঠনের সিদ্ধান্ত মেনে চলা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি সাংগঠনিক শক্তি বাড়ানো এবং আত্মসমালোচনার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মমিনুল হক সরকার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাফিজুর রহমান। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং সমাজসেবামূলক কাজ জোরদার করতে হবে। একই সঙ্গে তারা একটি ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

Share.
Exit mobile version