নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা জোরদারে ভূমিকা করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)-এর প্রতিনিধিদল।

সোমবার (১ জুন) নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নাসিক সূত্রে জানা গেছে, বৈঠকে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প এবং পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপনসহ একাধিক উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সিআরবিসির প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন। তারা শীতলক্ষ্যা নদীর ওপর নির্ধারিত সেতুর অবস্থানও ঘুরে দেখেন।

প্রতিনিধিরা এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন। তারা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় প্রস্তাবিত সেতুটির ভিত্তিপ্রস্তর ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে আলোচিত এ প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। এছাড়া নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version