নিজস্ব প্রতিবেদক
দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে টেকসই করার লক্ষ্যে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আগামীকাল ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বিভিন্ন কৌশলগত আলোচনায় অংশ নিকেন। সফরের প্রথম দিনে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন। ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন এবং ভারতের বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের মূল উদ্দেশ্য হলো শুধু বর্তমান সরকারের মেয়াদকালের সম্পর্কই নয়, বরং দীর্ঘমেয়াদে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও আস্থার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়া। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং নতুন সরকারের নীতি ভারতের কাছে স্পষ্ট করার লক্ষ্য এই সফরের।
দুই দেশের আলোচনায় ভিসা সুবিধা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, নদী ব্যবস্থাপনা ও সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা বিষয়গুলোও আলোচ্য বিষয় হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর বাংলাদেশের কূটনৈতিক প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

