নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতামূলক হামলা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্সকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
র্যাব মহাপরিচালক জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ১৮১টি পিকআপ পেট্রোল টিম এবং ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল দল মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে। পাশাপাশি সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা সদস্যরা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন যাতে কোনো গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে।
রাজধানীর শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল ও রমনা বটমূলসহ জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। র্যাব প্রধান আরও জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতিমধ্যে অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম সম্পন্ন করেছে।
গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাবের সাইবার মনিটরিং সেল সক্রিয় রয়েছে বলে জানান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া মেলা ও অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক বস্তু বা ব্যক্তি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোর মতো এবারও সারা দেশে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদযাপিত হবে।

