নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বিদ্যুতের নতুন মূল্যহার প্রত্যাহার এবং জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করা সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীতে বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে প্রধান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি ও উৎপাদন খাতে ব্যয় বৃদ্ধি পাবে এবং এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে অনিয়ম, অপচয় ও দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

জামায়াতের পক্ষ থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ খাতে সুশাসন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Share.
Exit mobile version