নিজস্ব প্রতিবেদক
বর্ণিল সাজ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে। এবারের নববর্ষ উদযাপনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজধানীর সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হিসেবে এবার পাঁচটি প্রধান মোটিফ বা প্রতীক ব্যবহার করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি মোটিফই সমাজ ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা বহন করছে। এর মধ্যে ‘মোরগ’ রাখা হয়েছে নতুন সূচনা, জাগরণ এবং অন্ধকার দূর করে আলোর আগমনের প্রতীক হিসেবে। বাঙালির লোকসংগীতের প্রাণ ‘দোতারা’র মাধ্যমে দেশীয় সাংস্কৃতিক শেকড়কে তুলে ধরার পাশাপাশি বাউল শিল্পীদের মর্যাদা রক্ষার বার্তা দেওয়া হচ্ছে।
এছাড়া লোকজ ঐতিহ্য, শক্তি ও আভিজাত্যের প্রতীক হিসেবে রাখা হয়েছে ‘কাঠের হাতি’। গ্রামবাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতি স্মরণে রাখা হয়েছে ‘টেপা আকৃতির ঘোড়া’। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সম্প্রীতি, সহাবস্থান ও বিশ্বশান্তির বার্তা দিতে শোভাযাত্রার অগ্রভাগে স্থান পেয়েছে ‘পায়রা’। এসব প্রধান মোটিফের পাশাপাশি মাছ, বাঘ, হরিণ শাবক, ছাগল, কাকাতুয়া ও ময়ূরের নানা শিল্পকর্ম শোভাযাত্রাকে করেছে আরও বৈচিত্র্যময়।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানটি এবারের শোভাযাত্রায় এক নতুন মাত্রা যোগ করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজপথ প্রদক্ষিণ করছে। চারুকলা থেকে শুরু হওয়া এই মঙ্গলময় অভিযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোলের তালে নেচে-গেয়ে নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিচ্ছেন।


