বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীদের খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদীনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের শনাক্ত করতে মন্ত্রণালয় কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হবে।

একইসঙ্গে বিগত সময়ে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সময়ে অনিয়মের কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করা হয়েছিল এবং তাদের সনদ স্থগিত করা হয়েছিল। এ ধরনের সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে।

তিনি সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টি যাচাই করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

Share.
Exit mobile version