নিজস্ব প্রতিবেদক
মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার বিভাগের পাঠানো সারসংক্ষেপ পর্যালোচনা শেষে তিনি এ প্রস্তাব নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি পরিদর্শনের লক্ষ্যে চসিক মেয়র ও পাঁচ কর্মকর্তার সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়। প্রস্তাবিত সফরের ব্যয় বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)-এর।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তারেক রহমান মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশে সন্ধ্যার পর যেকোনো ডোবা বা জলাবদ্ধ এলাকার পাশে কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশক নিয়ন্ত্রণের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।”
প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর সফর প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। একই বছরের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিম চৌধুরীর নির্বাচন বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর ৩ নভেম্বর তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

