নিজস্ব প্রতিবেদক

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।

আজ বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে থানায় নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা মহিষটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং ওপর মহলের নির্দেশে মহিষটি কোরবানি না দেওয়ার কথা জানান।

পরে মহিষটির মালিক মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সরকার চেয়েছে, তাই আমরা মহিষটি দিয়ে দিয়েছি।”

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ জানান, বিরল প্রজাতির প্রাণী হওয়ায় মহিষটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। সাদা লোম ও চুলের বিশেষ আকৃতির কারণে অনেকেই এটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে তুলনা করেন। সেখান থেকেই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এএফপি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই মহিষ নিয়ে খবর প্রকাশ হয়।

Share.
Exit mobile version