নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। রোববার (৭ জুন) রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, পরিবার প্রত্যাশিত রায় পেয়েছে এবং দ্রুত তা কার্যকরের প্রত্যাশা করছে।
আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি হয়েছি।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং দেশের যেসব মানুষ বিপদের সময়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
রায়ের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “আমার মেয়ে হত্যার যে রায় আজ আদালত দিয়েছেন, সেই রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই।”
এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় ৩৩ মিনিট ধরে রায় পাঠ শেষে বেলা ১১টা ৩৮ মিনিটে রায় ঘোষণা করা হয়।
রায়ের পর কাঠগড়ায় দাঁড়িয়ে দুই আসামিকে কাঁদতে দেখা যায়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে তাদের কারাগার থেকে ঢাকা মহানগর আদালতে আনা হয়।
ঘটনার ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা হলো। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেছিলেন।

