নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় রায়ের তারিখ আজ নির্ধারণ হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এদিন নির্ধারণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার আবেদন জানানো হবে। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রার্থনা করা হবে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণা হতে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল (বুধবার) আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্নাকে নির্দোষ দাবি করেন। পরে আদালত তাকে থামিয়ে দেন এবং স্বপ্নার বক্তব্য শোনেন। স্বপ্না আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসব বক্তব্যকে বিচার প্রক্রিয়া বিলম্বিত ও প্রভাবিত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ মামলায় নতুন কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তদন্তে ডিএনএ, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন যুক্ত করা হয়।

এর আগে মামলাটিতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়, যেখানে ভুক্তভোগীর বাবা-মাসহ গুরুত্বপূর্ণ সাক্ষীরা জবানবন্দি দেন।

ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Share.
Exit mobile version