মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

রূপগঞ্জ সংবাদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব এলাকায় র‍্যাব-১১ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ‘সিমু কনজুমার প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং ‘মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ’-এর মালিক আব্দুল বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়। এসব তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় মজুত করা ছিল। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে তেল উৎপাদন এবং বিভিন্ন নামি ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারে সরবরাহ করে আসছিল।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ মজুতের মাধ্যমে বাজার অস্থির করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Share.
Exit mobile version