নিজস্ব সংবাদদাতা
সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা যাচাই করা হচ্ছে। পরবর্তীতে সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে বলেও জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলাও রয়েছে। ওই মামলায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করেন। একই মামলায় টিপু মুনশি বর্তমানে কারাগারে রয়েছেন।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি টানা চারবার এই পদে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন।
তিনি রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

