নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় শুরু হয়। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৈরী আবহাওয়ার কারণে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

Share.
Exit mobile version