নিজস্ব প্রতিবেদক
ছয় বছরের দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফিরেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন কানাডীয় সংগীতশিল্পী সেলিন ডিওন। প্যারিসের কাছে নান্তেরের প্লেনিতিউড অ্যারেনায় ৩০ হাজার দর্শকের সামনে তার এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কনসার্টের শুরুতেই আবেগে কিছুক্ষণের জন্য থেমে যান সেলিন। চোখের পানি মুছে পরে গান চালিয়ে যান তিনি। একপর্যায়ে দর্শকদেরও সঙ্গে গাইতে ও উদযাপনে অংশ নিতে আহ্বান জানান।
২০২২ সালে সেলিন ডিওন জানান, তিনি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত। এটি বিরল একটি স্নায়বিক রোগ, যার কারণে শরীরে পেশির শক্ত হয়ে যাওয়া ও খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতার কারণে তার কনসার্ট ও ট্যুর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
তবে পুরোপুরি জনসম্মুখ থেকে হারিয়ে যাননি এই তারকা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করে তিনি দর্শকদের সামনে ফিরেছিলেন। এবারকের কনসার্টটিই ছিল ছয় বছরের মধ্যে তার প্রথম পূর্ণাঙ্গ কনসার্ট।
দুই ঘণ্টার বেশি সময়ের এ আয়োজনে সেলিন ডিওন তার জনপ্রিয় অনেক গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘মাই হার্ট উইল গো অন’, ‘দ্য পাওয়ার অব লাভ’ এবং ‘অল বাই মাইসেলফ’। তার পরিবেশনা দর্শকদের ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করে।
মঞ্চে নিজের অসুস্থতার প্রসঙ্গও তুলে ধরেন সেলিন। দীর্ঘ লড়াইয়ের পর আবার দর্শকদের সামনে দাঁড়াতে পারাকে তিনি কৃতজ্ঞতা ও আনন্দের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তার আবেগঘন বক্তব্য ও পরিবেশনা পুরো আয়োজনকে আরও বিশেষ করে তোলে।
প্লেনিতিউড অ্যারেনার এই কনসার্টের মধ্য দিয়ে প্যারিসে সেলিন ডিওনের ধারাবাহিক কনসার্ট আয়োজনও শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও একাধিক অনুষ্ঠানে গাওয়ার কথা রয়েছে তার।

