নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবং সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি সম্প্রতি বিশ্ব ও বাংলাদেশজুড়ে মহামারি হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃতব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। বিশ্বশান্তির জন্য দোয়া করা হ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। মুসল্লিদের জন্য ছিল পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম ও নিরাপত্তা ব্যবস্থা। এবারও নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের বিশেষ ব্যবস্থা। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্যও পৃথক ব্যবস্থাপনা ছিল।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় ঈদগাহ ময়দানে।

