নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কার্ড চালু হলে আলাদা করে আর বিএমইটি কার্ড থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “প্রবাসীরা যেন একটি কার্ডের মাধ্যমেই সব সুবিধা পান, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতগুলো কার্ড দিয়ে আলাদা আলাদা সেবা নেওয়ার প্রয়োজন থাকবে না।”
তিনি জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে কী ধরনের সুবিধা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে রেমিট্যান্স আনার ক্ষেত্রে সুবিধা, ব্যাংক পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল পরিচয়পত্র এবং ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, ভূমি সেবা এবং স্বাস্থ্যসেবায় প্রবাসীদের অগ্রাধিকার দিতে প্রবাসী কার্ড ব্যবহারের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি প্রথম দিন থেকেই বলছি, কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। জিরো টলারেন্স নীতিতে আমরা এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “দশ-পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনারা একটি পরিষ্কার প্রস্তাবনা দেখতে পাবেন, তখন বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমাদের শ্রমবাজার আবার খুলে যাবে ইনশাআল্লাহ।”
নিজের অবস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটাই আমার চ্যালেঞ্জ। এটা যদি করতে না পারি, তাহলে আমি থাকব না। আমি বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিচ্ছি।”
মালয়েশিয়া সফর ও সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

