নিজস্ব সংবাদদাতা
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকে আলোচনায় রয়েছে। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজনের মধ্যে মির্জা ফয়সল আমিনও রয়েছেন। ১৮ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকারের কথা ছিল।
বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং ঠাকুরগাঁও-১ উপনির্বাচনসহ দলের রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত আসতে পারে।

