নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় পড়া বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় বড় হতাহতের ঘটনা এড়ানো গেছে।
এদিকে, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

