নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও স্বপ্না খাতুন। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত।
আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন। রায়ের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আদালত নির্দেশ দেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীরা পাবেন। ক্ষতিপূরণ আদায় না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ উত্তরাধিকারীদের দেওয়ার ব্যবস্থা করতে হবে।
রায় ঘোষণার সময় সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৭ জুন রায়ের দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, গত ২০ মে ভুক্তভোগী শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। একই মাসে মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করেন। পরে ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলায় অভিযোগপত্রভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

