মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকেই এক মাসের মেয়াদ গণনা শুরু হবে।

তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে আল-অ্যারাবিয়া জানিয়েছে, ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করার পর আগের মতোই তিন মাস অবস্থান করতে পারবেন। দেশটিতে পৌঁছানোর পর অবস্থানের সময়সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর, অর্থাৎ চলতি বছরের জুনের প্রথম দিক থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র পাঁচ মাসেই বিদেশি ওমরাহযাত্রীর রেকর্ড হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

ওই প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান চাপ সামাল দিতে মন্ত্রণালয় ওমরাহ ভিসা–সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত বিধান অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নিবন্ধন না করেন, তাহলে তাঁর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, আসন্ন ভিড় সামাল দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “গ্রীষ্ম শেষ হওয়ার পর এবং মক্কা-মদিনায় তাপমাত্রা কমতে শুরু করায় ওমরাহযাত্রীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তাই অতিরিক্ত ভিড় এড়াতেই এই পদক্ষেপ।”

এর আগে সৌদি সরকার ঘোষণা দিয়েছিল, সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ভিসাধারী ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট বা শ্রম ভিসায় ওমরাহ পালন করতে পারবেন। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এই সুযোগ বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Share.
Exit mobile version