শুক্রবার, মে ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্ট গার্ড মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার গজারিয়া থানাধীন কোস্ট গার্ড স্টেশন গজারিয়ায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ৫১৭ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।

Share.
Exit mobile version