নিজস্ব সংবাদদাতা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি অধিবেশনে অংশ নেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বাসসকে এ তথ্য জানিয়েছেন।
৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের কার্যক্রমে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য দেন।
জাতিসংঘের উচ্চপর্যায়ের এই কার্যক্রমে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তাঁর সফরসূচিতে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।
উল্লেখ্য, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব পালন করছেন। তাঁর সভাপতিত্বে অধিবেশনের উচ্চপর্যায়ের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

