নিজস্ব সংবাদদাতা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াই সফরের প্রাথমিক উদ্দেশ্য।
নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বিশ্বমঞ্চে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সাইডলাইনের বৈঠকগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে যাদের সঙ্গে বৈঠক হবে, তা যথাসময়ে জানানো হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে গোপন করার কিছু নেই।
যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজনের কথাও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।

