দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে, তবে রেশনিং চলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে, শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। সেজন্য দেশে যে মজুত আছে, সেটা সাশ্রয়ী ব্যবহার করতে বলেছি। রেশনিং করতে বলেছি। কারণ আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে।’
তিনি আরও জানান, আজ বেলা ১১টায় একটি জাহাজ নোঙর করেছে এবং দুপুরে আরেকটি জাহাজ আসার কথা। এই দুটি জাহাজ নোঙর করার পর জ্বালানির মজুত আরও বাড়বে, তবু রেশনিং অব্যাহত থাকবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা ক্ষমতায় আসার কিছু দিন পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, যেটির সঙ্গে জড়িয়ে আছে জ্বালানির প্রধান ইস্যু। আমরা একটি ভঙ্গুর অবস্থা পেয়েছি। ঋণে ঋণে জর্জরিত অবস্থা রয়েছে। এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে প্রতিদিন মানুষের কাছে জবাবদিহিতার মধ্যে আসতে হয়।’
মন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, ‘বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা দাম বাড়াবো। কিন্তু আমরা আপাতত দাম বাড়াবো না। তাই জ্বালানির মজুত করার দরকার নেই। আমাদের সংকট নেই। তবে রেশনিং চালু থাকবে।’

