মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার সরাতে সমন্বিত উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতারাও অংশ নেবেন।

নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, উচ্ছেদ কার্যক্রমের সূচনা হবে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকার জিয়া হলের সামনের অংশ থেকে। পর্যায়ক্রমে নবাব সলিমউল্লাহ সড়ক ও শায়েস্তা খাঁ সড়ক থেকেও হকার সরানো হবে।

চাষাঢ়া এলাকায় পরিচালিত অভিযানে নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে নেতৃত্ব দেবেন সিটি প্রশাসক। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও স্কাউট সদস্যরা সহযোগিতা করবেন।

রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় অভিযানে যুক্ত থাকবেন।

এছাড়া কালিরবাজার এলাকায় উচ্ছেদ কার্যক্রমে অংশ নেবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে শহরের ফুটপাত হকারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গত শুক্রবার বিকেলে নগরভবনে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান। ওই বৈঠকেও হকারমুক্ত ফুটপাতের উদ্যোগকে স্বাগত জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়।

এদিকে, অভিযানের আগেই সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু সড়কের বেশিরভাগ ফুটপাত ফাঁকা দেখা গেছে। দুই নম্বর গেট, উকিলপাড়া ও কালিরবাজার এলাকায় সকালে অল্প কিছু সবজি ও ফুল বিক্রেতা থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারাও সরে যান।

Share.
Exit mobile version