নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঞ্জে আলী খাল খনন কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং জলাবদ্ধতা কমাতে খালগুলো পুনঃখনন ও পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীের নির্দেশনা অনুযায়ী এ কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। নগরীকে ধীরে ধীরে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহরে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।
তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজস্ব খননযন্ত্র না থাকায় খাল খননের সুবিধার্থে রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু আনা হয়েছে। এর মাধ্যমে শহরের অন্যান্য খালও পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে এবং অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসক বলেন, শহরের খালগুলো পরিষ্কার করা গেলে পরিবেশের উন্নয়ন ঘটবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে। পাশাপাশি খালের চারপাশে বৃক্ষরোপণ করে শহরকে ধীরে ধীরে একটি ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং খাল-ড্রেন সচল রাখা গেলে বর্ষাকালে ছড়ানো এসব রোগ থেকে নগরবাসীকে অনেকটাই সুরক্ষা দেওয়া সম্ভব হবে। খালের আশপাশে বসবাসকারীদের জন্য মশা নিধনের ব্যবস্থাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আশা করা হচ্ছে, বর্ষা শুরুর আগেই শহরের প্রধান সমস্যাগুলোর সমাধানে দৃশ্যমান অগ্রগতি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম এবং ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

