রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান বলেছেন, জনগণ আমাদের মূল্যায়িত করে বলেই আমরা সরকার গঠন করেছি। জনগণ মূল্যায়িত করেছে বলেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতা নয় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিত্রনায়ক হেলাল খান আরও বলেন, জাসাস এর নেতাকর্মীরা প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। নারায়ণগঞ্জ জাসাস এর অভিভাবক আনিসুল ইসলাম সানি প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি চাইবো ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র হিসেবে আপনারা আনিসুল ইসলাম সানি ভাইকে নির্বাচিত করবেন।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনটি উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আন্দোলন-সংগ্রামে শুধু রাজপথে থাকা মানুষই নয়, শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, সুরকার ও বুদ্ধিজীবীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই জাসাসকে শুধু রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর আবার বিভাজনের মাধ্যমে পাকিস্তান ও ভারতের জন্ম হয়। পরে ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে পশ্চিম পাকিস্তানের সঙ্গে একত্রে থাকা সম্ভব হয়নি। সেই কারণেই স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধে কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আবার কেউ ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, পথনাটক করেছেন। তারাও স্বাধীনতা আন্দোলনের কর্মী। তাই জাসাসের ভেতরে নানা শ্রেণি-পেশার মানুষের সমন্বয় ঘটাতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস আগামীদিনে বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে উঠবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আদর্শবান নেতা আদর্শবান কর্মী তৈরি করতে পারেন। শহীদ জিয়াউর রহমান একজন আদর্শবান নেতা ছিলেন। আমরা যদি আদর্শবান নেতাকর্মী হতে পারতাম তাহলে বক্তৃতার সময় নেতাদের প্রতি আরও শৃঙ্খলা ও শ্রদ্ধা থাকত।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের ধন্যবাদ জানাই। তবে আন্দোলন-সংগ্রামের সময় অনেকেই সক্রিয় থাকেন না বলে তিনি অভিযোগ করেন।

জাতীয়তাবাদী প্রত্যেক কর্মীকে সাধ্যমতো সর্বোচ্চ সম্মান দেয়ার মানসিকতা রয়েছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ। আজকের এই কর্মী সম্মেলন দক্ষ কর্মী গড়ে তোলার যে সংস্কৃতি তৈরি করে, তা থেকে আমরা অনেকাংশে দূরে সরে গেছি। অথচ বর্তমান বাস্তবতায় এটি অত্যন্ত প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচি ও নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতার বন্ধন তৈরির যে সুযোগ থাকা দরকার ছিল তা অনেক ক্ষেত্রে কমে গেছে। ফলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজীব বলেন, জাসাস এর উদ্যোগে আয়োজিত এ ধরনের কর্মী সভা সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান।

Share.
Exit mobile version