নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরে প্রবাসীদের সুবিধা সহজ করতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

নতুন এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা একক প্ল্যাটফর্মে প্রবাসীকল্যাণ সেবা, ব্যাংকিং সুবিধা, বীমা ও জরুরি সহায়তা পাবেন। ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত এই কার্ড থেকে দেশে অর্থ পাঠানো ও পরিবারের নির্ধারিত সীমার মধ্যে অর্থ ব্যবহারের সুযোগও থাকবে।

অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বৈধ চ্যানেলে আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। তিনি জানান, গত মার্চে রেমিট্যান্স ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়, যা একক মাসে সর্বোচ্চ।

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও নর্থ মেসেডোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির প্রক্রিয়া চলছে। পাশাপাশি মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিলিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচিও জোরদার করা হচ্ছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, নতুন পাঠ্যক্রম এবং সনদ ব্যবস্থার মান নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।

এর আগে (বুধবার, ১০ জুন) সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের আবাসন সুবিধা দিতে ‘প্রবাসী সিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বাচলে প্রকল্প শুরু করে পরে তা জেলা পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য গুলশানে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমও বাড়ানো হয়েছে।

প্রবাসীদের অভিযোগ ও সেবা সহজ করতে কল সেন্টার, আইনি সহায়তা চুক্তি এবং সেফ হোম কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

Share.
Exit mobile version