পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া ফ্যামিলি কার্ড নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রতিটি পরিবারের নারী সদস্যের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে পরিবার ও সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় নির্বাচনের সময় তিনি বরিশাল-১ আসনের ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অন্যতম ছিল প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। তিনি দাবি করেন, সে সময় অনেক রাজনৈতিক দল এই প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করলেও সরকার এখন তা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারী সদস্যদের হাতে অর্থনৈতিক সহায়তা পৌঁছালে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও ক্ষমতায়ন তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী জানান, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদেরও সম্মানি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের জন্য আলাদা কার্ড প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ তারই বাস্তব প্রতিফলন।

গৌরনদী উপজেলাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ফ্যামিলি কার্ড ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share.
Exit mobile version