নিজস্ব সংবাদদাতা
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দফার হুঁশিয়ারি দেওয়া হলেও বিএনপি নিষ্ক্রিয় থাকবে না; বরং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকেরা অবগত বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, বিএনপি জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে। একই সঙ্গে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে ব্যবহৃত ভাষার সমালোচনা করে রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, সে বিষয়ে আলোচনা না করে সরকারের বিরুদ্ধে এ ধরনের ভাষা ব্যবহার কাম্য নয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে রিজভী দাবি করেন, সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম রয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় ‘গোপন কক্ষে’ পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে। জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে বলেও অভিযোগ করেন তিনি।

