নিজস্ব সংবাদদাতা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং একাডেমিক উৎকর্ষ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে আগামী বছরের এপ্রিলে প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

