নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত দামে এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাস বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা প্রায়ই দেখা যায়। এর পেছনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহের ঘাটতির পাশাপাশি সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে।
তিনি বলেন, নির্ধারিত দামে ভোক্তারা যাতে এলপিজি পান, সে জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তথ্য উপদেষ্টা জানান, বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে বাফার স্টক বা জরুরি মজুত বাড়ানো এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি হওয়া ঠেকাতে চায় সরকার।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফরমাল চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শুধু অভিযুক্ত নন, দণ্ডিত অপরাধীও। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা নিজেও যেহেতু দেশে ফিরতে চান, সে ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করলে তা নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন হবে। এ ধরনের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সজাগ রয়েছে। অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

