বিনোদন ডেস্ক
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ঘিরে ভক্তদের আগ্রহ বাড়ছে। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এ সিরিজে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমা। এবার নতুন অভিনেতার হাত ধরে ফিরতে যাচ্ছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ০০৭। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ এবং চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে শুরু হতে পারে শুটিং, আর মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সাল। তবে সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড?
নতুন জেমস বন্ডের নাম কবে ঘোষণা করা হবে, তা নিয়েও চলছে জল্পনা। প্রযোজক অ্যামি পাসকাল গত আগস্টে হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনকে জানিয়েছিলেন, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন অভিনেতার নাম ঘোষণা হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
অক্টোবরের শেষ দিকে সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ৯ নভেম্বর প্রকাশিত ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টও নতুন বন্ড হওয়ার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছেন। তবে এ বিষয়ে অ্যামাজন এমজিএম আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
নতুন বন্ড হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন কয়েকজন ব্রিটিশ অভিনেতা। তাঁদের মধ্যে ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনের নাম বেশ কয়েকবার এসেছে। এ ছাড়া রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টের নামও নতুন করে আলোচনায় যুক্ত হয়েছে। ‘স্লো হর্সেস’, ‘দ্য ক্রাউন’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন সম্ভাব্য প্রার্থীদের কয়েকজন।
এ ছাড়া হ্যারি স্টাইলসের সঙ্গে বন্ড চরিত্রে অভিনয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভ্যারাইটি। অভিনেতা থিও জেমসের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে এসব নামের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেগকে বন্ড হিসেবে নির্বাচনের ঘটনাও অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। তাই শেষ পর্যন্ত আলোচনার বাইরে থাকা কোনো অভিনেতাও চরিত্রটি পেতে পারেন।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে নতুন সিনেমার শুটিং শুরু হয়ে ২০২৮ সালে মুক্তি পেতে পারে। এটি হবে আনুষ্ঠানিক জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। তবে এখনো সিনেমাটির নাম, শুটিং শুরুর দিন কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজি, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’খ্যাত ডেনিস ভিলনুভ। নিজেকে জেমস বন্ড সিরিজের একনিষ্ঠ ভক্ত হিসেবে উল্লেখ করেছেন এই কানাডীয় নির্মাতা। সিরিজের ঐতিহ্য ধরে রেখে নতুন অভিযানের পথ তৈরি করার প্রত্যাশা তাঁর।
চিত্রনাট্য লিখবেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। তিনি জানিয়েছেন, কোনো নির্দিষ্ট অভিনেতাকে মাথায় রেখে নয়, বরং জেমস বন্ড চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েই গল্প লিখবেন।
১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শুরু হয় জেমস বন্ডের আনুষ্ঠানিক চলচ্চিত্রযাত্রা। এ পর্যন্ত ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন। তাঁরা হলেন শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ।
এর মধ্যে রজার মুর সাতটি এবং শন কনারি আনুষ্ঠানিক সিরিজের ছয়টি সিনেমায় অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগের ঝুলিতে রয়েছে পাঁচটি সিনেমা। সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে। সব মিলিয়ে আনুষ্ঠানিক সিরিজে এ পর্যন্ত ২৫টি সিনেমা মুক্তি পেয়েছে।
নতুন মালিকানা ও নির্মাতা দলের কারণে বন্ড সিরিজের গল্প বলার ধরনে পরিবর্তন আসতে পারে। ‘নো টাইম টু ডাই’-এর সমাপ্তির পর আগের গল্পের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। তাই নতুন টাইমলাইন কিংবা ভিন্ন সময়ের পটভূমিতে বন্ডকে উপস্থাপনের সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সব মিলিয়ে নতুন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকারের হাত ধরে জেমস বন্ড সিরিজে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। এখন ভক্তদের অপেক্ষা নতুন ০০৭-এর নাম ঘোষণার।

