বিনোদন ডেস্ক
জনপ্রিয় রোমান্স-ফ্যান্টাসি উপন্যাস ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র নির্মাণের স্বত্ব কিনে নিয়েছে বিনোদন জগতের বৃহৎ প্রতিষ্ঠান ডিজনি। হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া বইটি এবার বড় পর্দায় আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৫ সালের জুনে এক নিলামের মাধ্যমে উপন্যাসটির চলচ্চিত্র স্বত্ব কিনেছিল প্যারামাউন্ট পিকচার্স। তবে স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্টের একীভূতকরণ প্রক্রিয়ার কারণে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। পরে সেই সুযোগে উপন্যাসটির চলচ্চিত্র স্বত্ব নিজেদের অধীনে নেয় ডিজনি।
প্যারামাউন্টের সঙ্গে আগের চুক্তির সময় নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’-এর চিত্রনাট্যকার সোফিয়া আলভারেজকে প্রকল্পটির সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে আগের চুক্তি বাতিল হওয়ায় ডিজনি এখন নতুন চিত্রনাট্যকার খুঁজছে।
লেখিকা রেবেকা রসের ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’ সিরিজের প্রথম বই ‘ডিভাইন রাইভালস’। ২০২৩ সালের এপ্রিলে প্রকাশিত হয় উপন্যাসটি। একই বছরের ডিসেম্বরে প্রকাশিত হয় এর দ্বিতীয় পর্ব ‘রুথলেস ভাওস’।
প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় বইবিষয়ক প্ল্যাটফর্ম বুকটকে ব্যাপক সাড়া ফেলে ‘ডিভাইন রাইভালস’। বিশ্বজুড়ে বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।
অ্যানিমেশন স্টুডিও হিসেবে যাত্রা শুরু করা ডিজনি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ বিনোদন ও মিডিয়া প্রতিষ্ঠান। মার্ভেল, স্টার ওয়ার্স ও পিক্সারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পাশাপাশি নতুন গল্প ও ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব কেনাও সেই উদ্যোগের অংশ।

