বিনোদন ডেস্ক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সেখানে জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ।
শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। এতে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
সকাল থেকেই কনসার্টস্থলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর সেই উপস্থিতি আরও বেড়ে যায়। বিএনপির র্যালি শেষে কনসার্টস্থল জনসমুদ্রে পরিণত হয়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে প্রিয় ব্যান্ডের গান উপভোগ করতে সেখানে হাজির হন।
কনসার্টে গান পরিবেশন করছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এই সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
কনসার্ট দেখতে আসা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিফতাহুল জান্নাত বলেন, একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে এসে তাঁর বেশ ভালো লাগছে।
মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করার আনন্দ অন্য রকম।
কনসার্টে আসা মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান তাঁর খুব ভালো লাগে। এ ধরনের উন্মুক্ত সংগীত আয়োজন আরও হওয়া উচিত।
এদিকে, কনসার্ট ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

