নিজস্ব প্রতিবেদক
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয় এবং বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
আগামী বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

