নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা নানা চক্রান্ত করলেও জনগণ তাদের গ্রহণ করবে না।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কোনো অদৃশ্য হস্তক্ষেপের মাধ্যমে তাদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা আন্তর্জাতিক সমর্থন পাবে না। দেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পলাতক ব্যক্তিরা আইনি সহায়তা পান না বলে ওই সময়ের আইনমন্ত্রী মন্তব্য করেছিলেন। মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংবিধান তাঁদের ফিরে আসার সুযোগ দেয়নি বলেও দাবি করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, একটি অপশক্তি কৃত্রিমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

