নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিগগিরই এ সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত বিল চলতি সংসদ অধিবেশনেই উত্থাপনের প্রস্তুতি চলছে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমির খসরু বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়; বরং একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচি। এ বিষয়ে সরকারের একটি কার্যদল আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি ও সুনির্দিষ্ট রূপরেখা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বিভিন্ন উৎস থেকে অর্থায়নের ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও আশাবাদী আমির খসরু। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সরকার আশাবাদী। অর্থনীতির বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি হবে, তবে এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

