নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে এ অর্থায়ন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যাংক ও অন্যান্য অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
গভর্নর বলেন, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ অর্থায়ন প্যাকেজের উদ্যোগ নিয়েছে।
সভায় সিলেটের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় গভর্নর অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সাধারণ সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ। এই উচ্চ সুদ ব্যবসা পরিচালনায় বড় চাপ তৈরি করছে। উদ্যোক্তাদের স্বস্তি দিতে এবং স্থবির শিল্প খাত পুনরুজ্জীবিত করতে বিশেষ প্যাকেজের আওতায় ৪ থেকে ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে।
৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের মধ্যে ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
বন্ধ উৎপাদনমুখী শিল্প ও সেবা খাত পুনরায় সচল করার ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা, বন্ধ শিল্প পুনর্গঠনে ব্যয় করা হবে। এ ছাড়া কৃষি ও পল্লী অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকা এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তরুণদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বেকার যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে চলতি নভেম্বর মাস থেকে একটি প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৫ হাজার তরুণকে বাছাই করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।
এ প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান গভর্নর।
প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে তিনি বলেন, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকরা প্রচলিত জমির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজে ঋণ নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সভায় শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তপাদার।

