নিজস্ব প্রতিবেদক
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বিদেশে চিকিৎসা ও শিক্ষার জন্য অর্থ পাঠানোর নিয়ম শিথিল করার পাশাপাশি আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এর বেশি অর্থ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
বিদেশে শিক্ষার ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
এ ছাড়া করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্যও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আগে এ সুবিধা শুধু সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
আরএফসিডি হিসাবের ক্ষেত্রেও নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে বসবাসকারী নাগরিকেরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা এ ধরনের হিসাবে জমা রাখতে পারবেন। তবে সে জন্য সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনা কার্যকর করতে বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। তবে অন্যান্য প্রচলিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কার্যক্রমে আরও নমনীয়তা আসবে।

