বিনোদন ডেস্ক
বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিন্ন ভিন্ন আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আলোচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীর জীবন, কর্ম এবং বাংলা লোকসংগীতে তাঁর অবদান স্মরণ করেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্বাসউদ্দীনের কালজয়ী গান পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে তাঁর সংগীতজীবন ও অবদান নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন গবেষক ও সংগীতশিল্পী অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে রেজাউল করিম লিমন ‘প্রাণ সখীরে, ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে’ ও ‘পরের অধীনে কইরাছে আমায়’ পরিবেশন করেন। শিল্পী রাহাত আরা গীতি পরিবেশন করেন নজরুলসংগীত। নোশীন লায়লা গেয়ে শোনান ‘সে যেন কী করলোরে আমায়’ ও ‘আমায় এত রাত কেন ডাক দিলি প্রাণ কোকিলারে’।
শিল্পী সালাউদ্দিন আহমদ পরিবেশন করেন ‘ভুলে যেও ভুলে যেও’ ও ‘কুঁচবরণ কন্যারে তোর মেঘবরণ কেশ’। অধ্যাপক ড. নাশিদ কামাল গেয়ে শোনান ‘ওকি গাড়িয়াল ভাই’। অনুষ্ঠানের শেষ পর্বে আব্বাসউদ্দীন সংগীত একাডেমির শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করেন ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ ও ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’।
এদিকে আব্বাসউদ্দীন আহমদকে স্মরণে ছায়ানটও আয়োজন করে বিশেষ সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে ‘শ্রোতার আসর’-এর এই বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিল্পীর গাওয়া এবং তাঁর সংগীতচর্চার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধারার গান পরিবেশন করেন প্রিয়ন্তু দেব, সুমন মজুমদার, শরিফা খাতুন, বিমান চন্দ্র বিশ্বাস, আবুল কালাম আজাদ, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়।
অনুষ্ঠানে পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘এ কোন মধুর শারাব দিলে’, ‘বসিয়া নদীকূলে, এলোচুলে কে উদাসিনী’, ‘খাতুনে-জান্নাত ফাতেমা জননী’, ‘ফান্দে পড়িয়া বগা’, ‘ও কি একবার আসিয়া’, ‘আমায় এত রাতে ক্যানে ডাক দিলি’, ‘নদীর কূল নাই কিনার নাই রে’, ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘প্রাণ সখী রে’, ‘নদীর নাম সই অঞ্জনা’, ‘ও পরানের মাঝি’ ও ‘আল্লাহ মেঘ দে পানি দে’।
ছায়ানটের অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি সারওয়ার আলী। যন্ত্রসংগীতে ছিলেন তবলায় গৌতম কুমার সরকার, দোতারায় রতন কুমার রায়, ঢোলে দশরথ দাশ, বাঁশিতে মামুনুর রশীদ এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।
বাংলা লোকসংগীতকে জনপ্রিয় করে তোলা এবং সংগীতের ঐতিহ্য সংরক্ষণে আব্বাসউদ্দীন আহমদের অবদান স্মরণ করতেই দুই প্রতিষ্ঠানের এ আয়োজন।

