বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’খ্যাত বরেণ্য অভিনেতা আনোয়ার হোসেনের জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের অসাধারণ দক্ষতা দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা। বিশেষ করে ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি।
১৯৪০ সালে দেওয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন আনোয়ার হোসেন। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৫১ সালে জামালপুর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। কলেজে পড়ার সময় আসকার ইবনে শাইখের ‘পদক্ষেপ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চনাটকের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়।
পরে ঢাকায় এসে চাকরির পাশাপাশি নাট্যচর্চা চালিয়ে যান তিনি। মঞ্চনাটকে অভিনয়ের সুবাদে পরিচয় হয় সে সময়ের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে। ঢাকা বেতারেও অভিনয় করেছেন তিনি। মিনার্ভা থিয়েটার প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন আনোয়ার হোসেন।
চলচ্চিত্রে তাঁর অভিষেক হয় মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ ছবির মাধ্যমে। এরপর সালাহউদ্দিন পরিচালিত ‘সূর্যস্নান’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৭ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে নবাবের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটির দেশপ্রেম, আবেগ ও ঐতিহাসিক তাৎপর্য তাঁর অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে। এরপর থেকেই দর্শকের কাছে তিনি পরিচিতি পান ঢাকাই সিনেমার ‘নবাব’ হিসেবে।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে আনোয়ার হোসেন ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও সাহিত্যনির্ভর নানা ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘জয় বাংলা’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘লাঠিয়াল’, ‘পালঙ্ক’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘সখিনার যুদ্ধ’, ‘সূর্যগ্রহণ’, ‘সূর্যসংগ্রাম’ ও ‘দায়ী কে’।
সালাহউদ্দিন, খান আতাউর রহমান, কাজী জহির, আমজাদ হোসেন, জহির রায়হান, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, আলমগীর কবির, চাষী নজরুল ইসলাম ও এ জে মিন্টুসহ দেশের বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে অভিনয় করেছেন তিনি। নায়ক, খলনায়ক কিংবা চরিত্রাভিনেতা—বিভিন্ন ধরনের ভূমিকায় নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে আনোয়ার হোসেন পেয়েছেন নিগার পুরস্কার, বাচসাস পুরস্কার ও একুশে পদক। ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। ‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘দায়ী কে’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১০ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা দেওয়া হয়।
২০১৩ সালের ১৮ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ১৩ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা যান আনোয়ার হোসেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারায় এক শক্তিমান অভিনেতাকে। তবে ‘নবাব সিরাজউদ্দৌলা’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকের স্মৃতিতে অমলিন হয়ে আছে।

