বিনোদন ডেস্ক
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে আবারও পর্দায় ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। তবে এ ফ্র্যাঞ্চাইজিতে ফেরার ক্ষেত্রে একটি শর্তের কথা জানিয়েছেন তিনি। ডেপের মতে, সিরিজটির সমাপ্তি যদি যথাযথ ও সন্তোষজনকভাবে ঘটানোর সুযোগ থাকে, তাহলে তিনি আবারও এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারণায় এ বিষয়ে কথা বলেন জনি ডেপ। এ সময় তিনি জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিকে যথাযথভাবে বিদায় জানানোর সুযোগ পেলে তিনি সেটি বিবেচনা করবেন। সিনেমাটির প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব ও আস্থার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন অভিনেতা।
তবে ডেপের এই বক্তব্যকে সিনেমাটিতে তাঁর প্রত্যাবর্তনের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই। এখনো তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে—এমন কোনো ঘোষণা আসেনি। ফলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে তাঁকে আবার দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন সিনেমায় জনি ডেপকে ফেরানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন প্রযোজক জেরি ব্রুকহেইমার। তিনি জানিয়েছিলেন, ডেপের সঙ্গে তাঁর কথা হয়েছে। চরিত্র ও চিত্রনাট্য অভিনেতার পছন্দ হলে তাঁকে ফেরানোর সম্ভাবনা রয়েছে। সিরিজের পরবর্তী সিনেমার চিত্রনাট্য নিয়েও কাজ চলছে।
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন জনি ডেপ। এরপর ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পাওয়া সিরিজের পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। চরিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ডেপের অভিনয় তাঁর ক্যারিয়ারের অন্যতম পরিচিত পরিচয় হয়ে ওঠে।
এদিকে ডেপের নতুন সিনেমা ‘এবেনেজার’ ১৩ নভেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তিতে তাঁর অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

