নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেছেন, জামায়াতের নেতারা কবে বিপ্লব করেছেন এবং কোন বিপ্লবে তাঁদের ভূমিকা ছিল।
সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স। অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন? কোন বিপ্লবে আপনারা ছিলেন? আপনাদের রাজনীতির ইতিহাস কোনো বিপ্লবের নয়, বরং স্বৈরশক্তির কাছে আত্মসমর্পণ এবং নতজানু হওয়ার ইতিহাস।’
পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।’
পোশাকশ্রমিকদের আন্দোলনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষায়, ‘শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে। তারা যে দেশকে অস্থিতিশীল করে, শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত হয়েছে, সেটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে।’
জামায়াতের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘সবাই বলে আপনারা গুপ্ত। কীভাবে গুপ্ত ছিলেন? ছাত্রলীগের মধ্যে আপনারা মিশে ছিলেন, যুবলীগের মধ্যে মিশে ছিলেন। এই কারণে আপনাদের গুপ্ত বলে। কিন্তু বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। একটি নীতি ও আদর্শের জন্য লড়াই করেছে ১৭ বছর।’

