বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আধুনিক, টেকসই ও উদ্ভাবনভিত্তিক খাতে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বিবিএফ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
এই সমঝোতার লক্ষ্য ‘ফ্যাক্টরি নেশন থেকে ইনোভেশন নেশন—বাংলাদেশের পোশাক শিল্প ২০৩০-এর নতুন রূপকল্প’ বাস্তবায়ন করা। এর মাধ্যমে পোশাক খাতকে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও উদ্ভাবনী শিল্প হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতার আওতায় বৈশ্বিক ব্র্যান্ডিং কৌশল প্রণয়ন, বিজিএমইএতে একটি ইনোভেশন ল্যাব স্থাপন, শিল্পের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকাশে একটি বিশেষ লিডারশিপ একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে।
এছাড়া তরুণ উদ্ভাবকদের সম্পৃক্ত করতে ইয়ুথ ফেস্ট, ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচি ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কারখানার সাফল্য তুলে ধরতে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও কেস স্টাডি প্রকাশ করা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)-এর মধ্যে সম্পাদিত দুই বছর মেয়াদি এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। আশা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে দেশকে একটি উদ্ভাবনী বৈশ্বিক পোশাক হাব হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

