নিজস্ব প্রতিবেদক
নারী নির্মাতাদের অংশগ্রহণ, যুদ্ধ ও সংঘাতের প্রতিচ্ছবি, শক্তিশালী অভিনয় এবং বৈচিত্র্যময় সিনেমার মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের সর্বোচ্চ সম্মান গোল্ডেন লায়ন জিতেছে ডেনিশ নির্মাতা মে এল-তুকির পরিচালিত ‘ওম্যান আননোন’।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সমাপনী অনুষ্ঠানে এবারের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘ওম্যান আননোন’-এর জন্য মে এল-তুকি ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে গোল্ডেন লায়নজয়ী অষ্টম নারী নির্মাতা হয়েছেন।
পুরস্কার গ্রহণের সময় নারী নির্মাতাদের সমান সুযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এল-তুকি। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে নারী নির্মাতাদের স্বল্প উপস্থিতি নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ পুরস্কারটিও উঠেছে একজন নারী নির্মাতার হাতে।
শুধু গোল্ডেন লায়ন নয়, ‘ওম্যান আননোন’ আরও একটি বড় পুরস্কার পেয়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ভলপি কাপ জিতেছেন ম্যাথিল্ড আর্সেল। নিজের প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেই এই পুরস্কার পেলেন ডেনিশ অভিনেত্রী।
সেরা অভিনেতার ভলপি কাপ পেয়েছেন মার্কিন অভিনেতা জন মালকোভিচ। ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি। অন্য একটি সিনেমার শুটিংয়ে মন্ট্রিয়েলে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মালকোভিচ। ভিডিও বার্তার মাধ্যমে জুরিকে ধন্যবাদ জানান তিনি।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দং পরিচালিত ‘পসিবল লাভ’। সেরা পরিচালকের সিলভার লায়ন পেয়েছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রজানভস্কি। তার ‘ডিএইউ’ সিনেমার জন্য এই পুরস্কার দেওয়া হয়।
যুদ্ধ ও সংঘাতের বাস্তবতাও উঠে এসেছে এবারের পুরস্কারে। ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর্স পরিচালিত গাজা-ভিত্তিক তথ্যচিত্র ‘নাজা’ পেয়েছে স্পেশাল জুরি প্রাইজ।
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘আ গুড লিটল সোলজার’। আর সেরা উদীয়মান অভিনেত্রীর মারচেলো মাস্ত্রোয়ান্নি পুরস্কার পেয়েছেন মালু কেবিজি।
এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি ছিলেন অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি জিলেনহাল। জুরিতে তার সঙ্গে ছিলেন কাওথার বেন হানিয়া, জনি তো, শাহরবানু সাদাত, জাভিয়ের জিওনোলি, ড্যানিয়েল ব্লুমবার্গ এবং ফ্রান্সেসকো ক্যাসেত্তি।
পুরস্কারের ঝলক, যুদ্ধ ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন এবং নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে নানা আলোচনার মধ্য দিয়ে শেষ হলো এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। মে এল-তুকির হাতে গোল্ডেন লায়ন ওঠায় উৎসবে নারী নির্মাতাদের প্রতিনিধিত্বের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

