বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকটের জন্য দায়ী বর্তমান সরকার এবং তারা গঠিত ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, এটি মূলত সরকারের কর্মকাণ্ডের ফল। তারা যে কমিশন গঠন করেছে, সেখানে দীর্ঘ আট-নয় মাস ধরে নানা সংস্কার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি।”
ফখরুল আরও বলেন, “স্বাক্ষরিত জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়ায় বড় পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু মহল নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই।”
তবে তিনি স্পষ্ট করে জানান, বিএনপি নির্বাচনে অংশ নেবে। ফখরুল বলেন, “আমরা নির্বাচনে যাব এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো তুলে ধরব। জনগণ আমাদের ভোট দিলে, সরকার গঠনের সুযোগ পেলেই এ সংস্কারগুলো পার্লামেন্টে পাশ করিয়ে বাস্তবায়ন করব।”
তিনি আরও আহ্বান জানান, “মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করেছে, তারা নির্বাচনে বাধা না দিক।”
আলোচনাসভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, যারা বিভিন্ন বক্তব্য রাখেন।

