বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

দোকান মালিক ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, দোকান মালিক সমিতি তাদের কার্যক্রম অন্তত সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখার আবেদন জানিয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরে বিষয়টি পুনর্মূল্যায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রতিমন্ত্রী আরও জানান, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এ সীমার বাইরে থাকবে। একই সঙ্গে তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

তবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার প্রস্তাব দিয়ে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন।

পরবর্তীতে সরকারের এই নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীরা আংশিক স্বস্তি পেলেও জ্বালানি সাশ্রয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Share.
Exit mobile version