বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা।  রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সকাল ১০টার দিকে ডিপিডিসি কর্তৃপক্ষ মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর প্রতিবাদে মার্কেটের দোকানদার, ব্যবসায়ী ও কারখানা মালিকরা মহাসড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আশ^াস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

ব্যবসায়ীরা জানান, বর্তমান মার্কেট কমিটির নেতা দাবি করা ব্যক্তিরা স্বৈরাচারী, আওয়ামী লীগের সমর্থক ও বৈষম্য বিরোধী মামলার আসামি। এছাড়া অনেকেই মার্কেটে কোনো সদস্য পদ নেই। মার্কেট সমিতির নির্বাচন ২০১৮ সালের ৩ মার্চের পর থেকে অনুষ্ঠিত হয়নি।

দোকান মালিকরা আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের পরিচালক এবং সহকারী পরিচালকদের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে, যারা বিদ্যুৎ বিলে অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করছেন। তাই তারা জামান, কলার ফারুক, মিটার মামুনসহ কিছু ব্যক্তির বিরুদ্ধে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, প্রশাসনের কাছে অনুরোধ আমাদের, যেন এই অসাংবিধানিক কমিটির নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

হাসান আল মামুন বলেন, মিতালী মার্কেট এশিয়ার বৃহত্তম পাইকারী মার্কেট, যেখানে ৬ হাজারের বেশি দোকান ও অসংখ্য ব্যবসায়ী রয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেন।

বর্তমান কমিটির সভাপতি জামান মিয়ার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেন, তিনি গ্রামের বাড়িতে থাকায় মার্কেট বিষয়ে কোনো তথ্য জানেন না। কর্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, দোকানদাররা বিদ্যুৎ বিল না দেওয়ায় ডিপিডিসি কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং ব্যবসায়ীরা আন্দোলন করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়ক ছাড়েন।

Share.
Exit mobile version